
লামার গজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছোটবমু এলাকায় ৭৪ পরিবারের মাঝে সরকারি ত্রাণ বিতরণ
নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলার ১ নম্বর গজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছোটবমু এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৪টি পরিবারের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দে এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই।
এ সময় উপস্থিত ছিলেন ১ নম্বর গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচাচিং মার্মা, উপজাতীয় নেতা প্রণয় ত্রিপুরা, স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সর্বস্তরের মানুষ।
বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও মানবিক সংগঠনগুলোকেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৪টি পরিবারের হাতে চালসহ বিভিন্ন সরকারি ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ পেয়ে উপকারভোগীরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন