
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস এলাকায় এক অটোরিকশাচালককে মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩ জুলাই) বিকেল প্রায় ৫টার দিকে সিটিহাট থেকে যাত্রী নামিয়ে ফেরার পথে আওয়ামী লীগ অফিসসংলগ্ন এলাকায় নিজের পরিচিত মো. রাকসানকে দেখে অটোরিকশাচালক মো. নুর সাকিন কথা বলেন। এ সময় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে রাকসানের সঙ্গে থাকা ১০ থেকে ১৫ জন ব্যক্তি নুর সাকিনের অটোরিকশা থামিয়ে তাকে হাত ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) এ ঘটনায় ভুক্তভোগী মো. নুর সাকিন শাহমখদুম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে।
এদিকে, ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় নজরদারি বাড়িয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।