
মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ
গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় ঐক্য রাজশাহী মহানগর শাখা।
শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত নগরীর আলুপট্টি মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩৫০ থেকে ৪০০ নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম ও ড. মোহাম্মদ জাহাঙ্গীর, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী এবং মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির। এছাড়াও জামায়াতে ইসলামীর মহানগর শাখার অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। তারা গণতন্ত্র, সুশাসন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়েও বক্তব্য দেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল আলুপট্টি মোড় থেকে শুরু হয়ে সাহেববাজার জিরোপয়েন্ট প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন।