
রেলের খালাসী পদে ৬৫ লাখ টাকার ঘুষ লেনদেন তদন্তে মাঠে নেমেছে দুদক ।
__________রাজশাহী ব্যুরো
বাংলাদেশ রেলওয়ের খালাসি পদে নিয়োগের নামে ৬৫ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ ওঠেছে। প্রতিষ্ঠানটির একজন সহকারী প্রশাসনিক কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে ৮ প্রার্থীর কাছ থেকে ওই টাকা গ্রহণের সুনির্দিষ্ট অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয় থেকে ওই অভিযোগ অনুসন্ধান করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন প্রধান কার্যালয়ে দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
অভিযোগে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সহকারী প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ আবজুরুল হক, তার স্ত্রী ও অন্যান্য কর্মচারীসহ পাঁচ জন পরস্পর যোগসাজশে খালাসি পদে নিয়োগ দেওয়ার কথা বলে ৮ জন প্রার্থীর কাছ থেকে ৬৫ লাখ টাকা ঘুষ গ্রহণ করেছেন। ঘুষ লেনদেনের ক্ষেত্রে তারা এস এ পরিবহনকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন বলে দুদক প্রাথমিক প্রমাণ পেয়েছে।