
বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান
মোঃ সাব্বির আহমেদ
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এতে সাবেক উপজেলা সেক্রেটারি মো. শরিফুল ইসলামকে আমির নির্বাচিত করা হয়েছে। উপজেলা সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন সাবেক রংপুর মহানগরীর ছাত্রনেতা প্রভাষক মাওলানা মো. খালেদুর রহমান। এছাড়া সহ-সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ঠাকুরগাঁও শহর শাখার সাবেক সেক্রেটারি জিয়াউর রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আলমগীর হোসেন, সহ-সেক্রেটারি মতিউর রহমান ও অধ্যাপক রফিকুল ইসলামের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়। এতে বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের রুকনরা অংশগ্রহণ করেন।
কমিটি ঘোষণাকালে জেলা জামায়াতের নেতারা নবনিযুক্ত দায়িত্বশীলদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সংগঠনের মধ্যে ঐক্য বজায় রাখা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আলমগীর হোসেন বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে তিনি আশাবাদী। সংগঠনকে এগিয়ে নিতে দায়িত্বশীলদের সততা, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
নবনির্বাচিত উপজেলা আমির মো. শরিফুল ইসলাম বলেন, তাঁকে দেওয়া দায়িত্বকে তিনি আমানত হিসেবে গ্রহণ করেছেন। সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান তিনি। সবার সহযোগিতা, পরামর্শ ও ভালোবাসা নিয়ে বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতকে আরও সুসংগঠিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।