
জিএম মাকছুদুর রহমান, স্টাফ রিপোর্টার:
ভার্চুয়াল পরিচয়, তিন মাসের প্রেম আর জীবনসঙ্গী করার স্বপ্ন—সব গুছিয়ে সুদূর চীন থেকে কুমিল্লার দেবিদ্বারে পা রেখেছিলেন এক যুবক। তবে পাত্রীর পরিবার ও স্থানীয়দের আপত্তিতে শেষ পর্যন্ত বিয়ের আনুষ্ঠানিকতা আর এগোয়নি। হতাশা আর অনিশ্চয়তা নিয়েই তাকে আপাতত দেশে ফেরার পরামর্শ দিয়েছে প্রশাসন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই চীনা নাগরিকের নাম মো জিয়াকিয়ান (MO JIAQIAN)। জন্ম ১৯৯২ সালের ১৭ মার্চ। চীনের গুয়াংডং প্রদেশের এই বাসিন্দা পেশায় একজন রেস্তোরাঁ শেফ। মাসখানেক আগে এক মাসের ভিজিট ভিসায় বাংলাদেশে আসেন তিনি। এর আগে উইচ্যাটে দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের এক তরুণীর সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা হয়। প্রায় তিন মাসের সেই সম্পর্কের সূত্র ধরেই বিয়ের উদ্দেশ্যে তার এ সফর। সূত্রগুলো বলছে, ওই তরুণী বিয়েতে ইতিবাচক থাকলেও তার পরিবার ও গ্রামবাসী বিষয়টি মেনে নেননি। একপর্যায়ে ঘটনাটি জানাজানি হলে সুলতানপুরে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি যাতে জটিল আকার ধারণ না করে, সেজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় দেবিদ্বার থানা পুলিশের দুই সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জিয়াকিয়ানের সঙ্গে কথা বলেন। আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তাকে আপাতত নিজ দেশে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয় এবং কুমিল্লা শহরের একটি হোটেলে পৌঁছে দেওয়া হয়। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, তার পাসপোর্টসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করে নাগরিকত্ব নিশ্চিত করা হয়েছে। প্রশাসন ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাকে স্পষ্ট করা হয়েছে, ভবিষ্যতে বিয়ের মতো সিদ্ধান্ত নিতে চাইলে নিজ দেশ থেকে দূতাবাস ও পরিবারের প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র সংগ্রহ করতে হবে। পাশাপাশি বাংলাদেশের প্রচলিত আইন, যথাযথ ভিসা প্রক্রিয়া এবং মুসলিম রীতিতে বিয়ের ক্ষেত্রে ধর্মীয় ও আইনগত বিধিবিধান মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে। ঘটনাটি আবারও সামনে এনেছে ডিজিটাল যুগের সম্পর্কের বাস্তবতা ও ঝুঁকির প্রশ্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা পরিচয় দ্রুত আবেগে রূপ নিলেও বিয়ে বা স্থায়ী কোনো পদক্ষেপে যাওয়ার আগে পারস্পরিক সংস্কৃতি, পারিবারিক সম্মতি ও আইনি বাস্তবতা যাচাই করা কতটা জরুরি- এ ঘটনা যেন সেই শিক্ষাই দিয়ে গেল। বিশেষ করে তরুণ ও কিশোর-কিশোরীদের অনলাইন যোগাযোগের ক্ষেত্রে অভিভাবকদের সতর্কতা ও সচেতন ভূমিকার ওপর জোর দিচ্ছেন সচেতন মহল।
সব মিলিয়ে, তিন মাসের অনলাইন প্রেমের টানে চীন থেকে উড়ে আসা জিয়াকিয়ানের নতুন সংসার পাতার স্বপ্ন আপাতত স্থগিতই রয়ে গেল।