
আফতাবুল ইসলাম মেহেরাব হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলায় গাজীর বাজার ইলমুল কোরআন নেছারিয়া দ্বীনীয়া মাদ্রাসা, হেফজখানা, লিল্লাহ বোর্ডিং ও ইয়াতিমখানার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দোয়া ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মাদ্রাসার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা সব সময় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবে। কোনো ভালো কাজে কেউ এগিয়ে না এলে একা হলেও সেই কাজ অব্যাহত রাখতে হবে। এ প্রসঙ্গে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে’ পঙ্ক্তিটি উল্লেখ করেন।
মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও সার্বিক অগ্রগতির বিষয়ে তিনি বলেন, অধিক অর্থ ব্যয় করে বড় প্রতিষ্ঠানে পড়াশোনা করলেই যে শিক্ষার মান ভালো হবে, এমন ধারণা সঠিক নয়। স্বল্প ব্যয়ে পরিচালিত হয় বলে কোনো প্রতিষ্ঠানের শিক্ষার মানকে ছোট করে দেখার সুযোগ নেই। এ ধরনের নেতিবাচক মনোভাব থেকে সমাজকে বেরিয়ে আসতে হবে। মাদ্রাসাটিকে সামনের দিকে এগিয়ে নিতে স্থানীয়দের সহযোগিতা ও আন্তরিক ভূমিকা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারলে সমাজে যোগ্য আলেম তৈরি হবে। তাঁরা ইসলামের সুমহান আদর্শ ও শিক্ষা মানুষের মাঝে প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
উল্লেখ্য, ২০০৫ সালে ছারছিনার মরহুম পীর সাহেব শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহর (মাঃ) হাত ধরে তাঁর পরিচালনায় মাদ্রাসাটির যাত্রা শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার হিফজ বিভাগ চালু রয়েছে। পাশাপাশি হেফজখানা, লিল্লাহ বোর্ডিং ও ইয়াতিমখানার কার্যক্রমও পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আলমগীর হোসাইন, উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক সৈয়দ আহমেদ গাজী, হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন (সবুজ), ফরিদগঞ্জ পুরান রামপুর আব্দুর রব আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নাসির আহমেদ এবং কমলাপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হামিদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন হাইমচর ছালেহিয়া দ্বীনিয়া হাফিজিয়া কমপ্লেক্স মাদ্রাসার মুদির মাওলানা আলাউদ্দিন সালেহ, বাংলাদেশ যুব হিযবুল্লাহ হাইমচর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ হাইমচর উপজেলা শাখার সভাপতি মাওলানা জাকির হোসাইন, ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া (কালু) গাজী এবং মাদ্রাসার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুকুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত মুদির মাওলানা মুরুদ্দিন (আমিন)। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সফলতা ও সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ হাইমচর উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা খাজা আহম্মদ।