
রাকিবুল হাসান রাকিব সদর উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের মান্দারী পশ্চিম বাজারে গ্যারেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ৩টার পর এ ঘটনা ঘটে।
ট্রাকের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর জানান, মেরামতের জন্য এক মাস ১১ দিন আগে গাড়িটি গ্যারেজে দিয়েছিলেন। পরদিনই সেটি নেওয়ার কথা ছিল। তাঁর দাবি, পাশে আরও গাড়ি থাকলেও পরিকল্পিতভাবে শুধু তাঁর ট্রাকে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন ট্রাকটি পুড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।