
কালকিনি প্রতিনিধি : ছাব্বির হোসেন মুন্না:
মাদারীপুরের কালকিনিতে শিশু কানন কিন্ডারগার্টেন (কেজি স্কুল) এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিশু কানন কিন্ডারগার্টেন (কেজি স্কুল) এর প্রধান শিক্ষক মো. মিরাজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এবং কালকিনি ও ডাসার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইকরাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “সন্তানদের শুধু ভালো স্কুলে ভর্তি করালেই দায়িত্ব শেষ হয়ে যায় না। তাদের পড়াশোনা, আচার-আচরণ, চলাফেরা ও মানসিক বিকাশের প্রতিও অভিভাবকদের নিয়মিত খেয়াল রাখতে হবে। সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং পড়াশোনায় কতটা মনোযোগী হচ্ছে, সেসব বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে গতবছর কালকিনি ও ডাসার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় শিশু কানন কিন্ডারগার্টেন (কেজি স্কুল) হতে বৃত্তিপ্রাপ্ত ও প্রত্যেক শ্রেনীর মেধা তালিকায় শীর্ষস্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
শিশু কানন কিন্ডারগার্টেন (কেজি স্কুল) এর প্রধান শিক্ষক মো. মিরাজ হোসেন জানান,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়ার অনুপ্রেরণা জোগানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
পরিশেষে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়টির সকল শিক্ষক-শিক্ষিকা,অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।