
পাবনা জেলা প্রতিনিধি: আব্দুল্লাহ আল মামুন
পাবনা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিনের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) পাবনা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার আবু আশ্রাফের সভাপতিত্বে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার নিজে উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রম তদারকি করেন।
নিয়োগপ্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, সম্পূর্ণ মেধা, দক্ষতা ও শারীরিক যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা দালালের সুযোগ নেই। তাই প্রার্থী ও তাঁদের অভিভাবকদের প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, পাবনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনকারী বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
‘সেবার ব্রতে চাকরি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।