
মেহেদী হোসেন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খাগড়াছড়ির দীঘিনালা জোনে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর ২০২৬) দীঘিনালা জোনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), আনসার ব্যাটালিয়ান অধিনায়ক, পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং রাজনৈতিক ও অরাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, দীঘিনালা সাংবাদিক ইউনিটির সভাপতি প্রমোদ কুমার মুৎসুদ্দি, ২ নম্বর বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা এবং নলেজ চাকমা।
অনুষ্ঠানে জোন কমান্ডার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতি ও নানা বিষয়ে আন্তরিক কথোপকথন করেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে তিনি কুশলাদি বিনিময় করেন।
আলোচনা ও কুশল বিনিময় শেষে উপস্থিত অতিথিদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।