
সঞ্জু বনিক সৌরভ জেলা প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকর্মী এবং পৃথক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের নির্দেশনায় তিন থানার যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তির কথা জানিয়েছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে পঞ্চগড় জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আটোয়ারী, পঞ্চগড় ও তেঁতুলিয়া থানা পুলিশের যৌথ অভিযানে জাহিদুল ইসলাম জাহিদকে তেঁতুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (২১ নভেম্বর) সকালে আটোয়ারী উপজেলার কিসমত এলাকা থেকে আবুল কালাম আজাদ এবং নিজ বাড়ি থেকে ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন আলীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের আরাজী মণ্ডলহাট মহাজনপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ, মির্জাপুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ এবং রাধানগর ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে নয়ন আলী।
পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদুল ইসলাম জাহিদের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি বলরামপুর ইউনিয়ন মুজিব সাইবার ফোর্সসহ একাধিক ফেসবুক আইডির মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইন কার্যক্রমে সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে সাইবার ক্রাইম আইন ২০২৫-এ মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাশকতা, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা সৃষ্টি এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধনসংক্রান্ত উসকানিমূলক প্রচারণায় জড়িত থাকার অভিযোগ রয়েছে জাহিদের বিরুদ্ধে। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনের গ্রুপ চ্যাট ও মেসেজ থেকে এ-সংক্রান্ত তথ্যপ্রমাণ পাওয়া গেছে বলেও দাবি পুলিশের।
জাহিদের গ্রেপ্তারের খবরে আটোয়ারীর স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে উপজেলার পাশাপাশি পঞ্চগড় জেলার অন্যান্য এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, “দেশে বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টিকারী ব্যক্তিদের বিরুদ্ধে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা স্থানীয়দের।