
মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫.৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিট থেকে ৫টা ২০ মিনিটের মধ্যে সদর মডেল থানাধীন নয়নশুকা সোলেমান মন্ডলপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআরবি-র (SRB) একটি দল সার্বিক সহযোগিতা করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম আলীশাহ আলম (৪৮)। তিনি ওই এলাকার মৃত আজিজুর রহমান ও মোসা. রোফিনা বেগমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নয়নশুকা সোলেমান মন্ডলপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় একটি বড় প্লাস্টিকের ড্রামের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৫.৫ কেজি গাঁজা উদ্ধারসহ আলীশাহ আলমকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।