
মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:
রাজশাহীর দুর্গাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হারিয়াপাড়া গ্রামে আমগাছী থেকে হাট গোদাগাড়ীগামী পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দুর্গাপুর উপজেলার হারিয়াপাড়া গ্রামের মোঃ মুনতাজ আলীর ছেলে মোঃ মিজানুর রহমান (২৯), পলাশবাড়ী গ্রামের মৃত দলিল আলীর ছেলে মোঃ উজ্জ্বল আলী (২৮) এবং হারিয়াপাড়া গ্রামের মোঃ শমসের আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৫০)।
রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ গনি চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার সকাল ৬টা ২৫ মিনিটে দুর্গাপুর থানার কানপাড়া বাজার এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, দুর্গাপুর থানার হারিয়াপাড়া গ্রামে মোঃ সাইফুল ইসলামের বসতবাড়ির সামনে আমগাছী থেকে হাট গোদাগাড়ীগামী পাকা সড়কের ওপর কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সকাল ৬টা ৫০ মিনিটে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মিজানুর রহমান ও উজ্জ্বল আলীর দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে ঘটনাস্থল থেকে তিনজনকেই গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী রাজশাহীর দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ সূত্র।