
মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:
রাজশাহী নগরের বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিস লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ বিস্ফোরক নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ব্যাংক ভবনের নিচতলায় রাস্তার পাশ থেকে পরপর দুটি বিস্ফোরণ ঘটায়। এতে ভবনের নিচতলার কাচের ফিটিং ও জানালার কাচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনাটি ঘটেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহ্ মখদুম থানার আওতাধীন বনলতা আবাসিক এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিসে। গভীর রাতে হঠাৎ বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নির্জন পরিবেশে ব্যাংক ভবন লক্ষ্য করে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে ভবনের নিচতলার জানালা ও কাচের ফিটিং ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়। তবে বিস্ফোরণের ঘটনায় ভবনের ভেতরে থাকা ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ নথিপত্র কিংবা সম্পদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে শাহ্ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আকবর আলী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, কাঁচের বোতলে করে কিছু দাহ্য পদার্থ ব্যাংক ভবন লক্ষ্য করে ছুড়ে মারা হয়েছিল। এ সময় ভবনের নিচতলার রাস্তার পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনের কাচের ফিটিং ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যাংকের দাপ্তরিক কার্যক্রমে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র বা সম্পদও ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
ওসি আরও বলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে ব্যাংক ভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
গভীর রাতে একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের কার্যালয় লক্ষ্য করে এ ধরনের বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।