
সন্তানকে নৈতিক শিক্ষায় গড়ে তুলতে অভিভাবকদের প্রতি গোয়ালন্দ ঘাট থানার ওসি, সফিকুল ইসলামের আহ্বান
স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীর গোয়ালন্দে বয়ঃসন্ধিকালে কিশোর-তরুণদের নৈতিকতা, মূল্যবোধ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি), মো. সফিকুল ইসলাম। সন্তানদের অসৎ সঙ্গ, মাদক ও ঝুঁকিপূর্ণ আচরণ থেকে দূরে রাখতে শাসনের পাশাপাশি ভালোবাসা, স্নেহ ও মানসিক সহায়তা দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) রাতে `গোয়ালন্দ রাজবাড়ী’ নামের একটি ফেসবুক আইডিতে দেওয়া এক সচেতনতামূলক পোস্টে অভিভাবকদের উদ্দেশে এসব কথা তুলে ধরেন ওসি, মো. সফিকুল ইসলাম।
পোস্টে তিনি উল্লেখ করেন, বয়ঃসন্ধিকাল কিশোর-তরুণদের ব্যক্তিত্ব ও মানসিকতা গঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে কৌতূহল, অসৎ সঙ্গ ও ঝুঁকিপূর্ণ অভিজ্ঞতা অনেক ক্ষেত্রে তাদের ভুল পথে পরিচালিত করতে পারে। বিশেষ করে মাদকাসক্তি ও অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। একবার এমন দুষ্টচক্রে জড়িয়ে পড়লে সেখান থেকে ফিরে আসা অনেকের জন্য কঠিন হয়ে যায়।
তিনি আরও বলেন, অনাকাঙ্ক্ষিত বা নেতিবাচক অভিজ্ঞতা কিশোরদের মধ্যে অপরাধবোধ, অনুশোচনা, আত্মবিশ্বাসের ঘাটতি ও হীনম্মন্যতা তৈরি করতে পারে। এর প্রভাবে তারা পরিবার ও বন্ধুদের কাছ থেকে নিজেদের গুটিয়ে নিতে পারে। পড়াশোনায় অমনোযোগী হওয়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া এবং একাকিত্বের মতো পরিবর্তনও দেখা দিতে পারে।
অভিভাবকদের প্রতি পরামর্শ দিয়ে ওসি, সফিকুল ইসলাম বলেন, সন্তানদের ভুলের জন্য বারবার দোষারোপ বা মানসিকভাবে আঘাত না করে তাদের পাশে দাঁড়াতে হবে। আদর, স্নেহ, ভালোবাসা ও যত্নের মাধ্যমে তাদের জীবনকে পরিপূর্ণ করে তুলতে হবে। বয়ঃসন্ধিকালের শারীরিক ও মানসিক পরিবর্তন এবং কৌতূহল স্বাভাবিক বিষয়। তাই অতীতের কোনো ঘটনা নিয়ে সারাক্ষণ নেতিবাচক মন্তব্য না করে ভবিষ্যতে যেন একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেদিকে গুরুত্ব দিতে হবে।
পারিবারিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পরিবারই শিশুর প্রথম পাঠশালা এবং বাবা-মা তার প্রথম শিক্ষক। সততা, ভদ্রতা, কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও সহমর্মিতার মতো মানবিক গুণাবলি পরিবার থেকেই শেখার সূচনা হয়। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা বা ডিগ্রি একজন মানুষকে প্রকৃত মানবিক ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারে না; এর জন্য প্রয়োজন পারিবারিক শিক্ষা ও নৈতিক চর্চা।
তিনি আরও উল্লেখ করেন, পারিবারিক নৈতিক শিক্ষার অভাব সন্তানদের অসৎ সঙ্গ, অনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক অবক্ষয়ের দিকে ঠেলে দিতে পারে। আধুনিক সমাজ ও ডিজিটাল মাধ্যমের প্রভাবে পারিবারিক বন্ধন দুর্বল হয়ে পড়ার প্রেক্ষাপটে সন্তানদের সময় দেওয়া এবং তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা আরও বেশি জরুরি।
সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতনতা, পারিবারিক বন্ধন, নৈতিক শিক্ষা ও মানসিক সহায়তার বিকল্প নেই বলেও ওই পোস্টে গুরুত্বারোপ করেন গোয়ালন্দ ঘাট থানার ওসি, মো. সফিকুল ইসলাম।