
নুর হোসেন শার্শা (যশোর) প্রতিনিধি:
যশোরের বেনাপোলে ঐতিহ্যবাহী হাকর নদীকে দখল ও দূষণের হাত থেকে রক্ষা এবং নদীর নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় বেনাপোল পৌর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান উদ্যোগী হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন, বেনাপোল ক্রীড়া একাডেমি, মোটরসাইকেল চালকদের সংগঠন ‘বাইকার হুড’ এবং বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা।
এ সময় ইমদাদুল হক ইমদাদ বলেন, ‘হাকর নদী বেনাপোলবাসীর ঐতিহ্য ও পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম মাধ্যম। দখল ও দূষণের ফলে নদীটি আজ মৃতপ্রায়। এই নদীকে বাঁচাতে আমাদের সবাইকে এখনই এগিয়ে আসতে হবে। বেনাপোলের পরিবেশ ও নদী রক্ষায় আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারীরা নদীতীরবর্তী এলাকার ময়লা-আবর্জনা অপসারণ করেন। পাশাপাশি নদীতে বর্জ্য না ফেলতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেন। নদী রক্ষায় এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান তাঁরা।