
এ আই তারেক- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এতে নয় মাসের অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাফিজুল্লাহ বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—আলী হায়দার উসমানি, তার ছেলে জাহিদুল হায়দার এবং জাহিদুলের স্ত্রী নয় মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা আক্তার।
ভুক্তভোগীদের অভিযোগ, বাড়ির পেছনে ময়লা ফেলার জন্য একটি গর্ত খোঁড়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন আহতরা।
আহত জাহিদুল হায়দারের দাবি, তার বাবাকে মারধরের সময় তিনি বাধা দিতে গেলে তাকেও হামলা করা হয়। এ সময় স্বামী ও শ্বশুরকে রক্ষা করতে এগিয়ে আসেন নয় মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা আক্তার।
তাসলিমার অভিযোগ, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং পেটে আঘাত করা হয়।
আহত তাসলিমা আক্তার
“আমি ছাড়াতে গেলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং পেটে আঘাত করা হয়।”
পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কমলনগর থানার ওসি মোহাম্মদ ফরিদুল আলম
“লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।