
ময়মনসিংহে অবৈধ দোকান উচ্ছেদ ও ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ময়মনসিংহ প্রতিনিধি: অনিক কুমার পাল মৃন্ময়
ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপার, মেছুয়া বাজার ও সংলগ্ন সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা সরাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। সোমবার (১৭ আগস্ট) পরিচালিত এ মোবাইল কোর্টের অভিযানে সড়কের পাশাপাশি সিটি কর্পোরেশনের নিজস্ব মাছের আড়তে গড়ে ওঠা অবৈধ দোকানপাটও গুঁড়িয়ে দেওয়া হয়।সিটি কর্পোরেশন সূত্র জানায়, নগরীর গাঙ্গিনাপার পালিকা শপিং সেন্টার থেকে বারী প্লাজা এবং মেছুয়া বাজারের উভয় পাশের সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরাতে ম্যাজিস্ট্রেট অভিযান শুরু করেন। পরবর্তীতে পেঁয়াজ মহল ও মাছ মহলের দ্বিতীয় তলা পরিদর্শন করে নিজস্ব আড়তে অবৈধভাবে স্থাপিত বেশ কিছু দোকান উচ্ছেদ করা হয়। অভিযান শেষে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সর্বসাধারণের বিনানুমতিতে প্রবেশ নিষিদ্ধ করে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে কর্তৃপক্ষ।অভিযান পরিচালনাকালে কর্পোরেশনের নিয়ম অমান্য ও সড়ক দখলের অপরাধে তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে নগদ অর্থ জরিমানা করা হয়।অভিযান পরিচালনাকারী ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন জানান, নগরীর সড়ক ও চলাচলের পথ দখলমুক্ত রাখতে এই ধরনের উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।