
রাজস্ব আয় বাড়াতে রাসিক প্রশাসকের নির্দেশ
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
মহানগরবাসীর নাগরিক সেবা আরও উন্নত ও কার্যকর করতে রাজস্ব আদায় বৃদ্ধি এবং রাজস্ব বিভাগের কার্যক্রম গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
রোববার (১৬ আগস্ট) নগর ভবনের সিটি হলরুমে রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মহানগরবাসীর সেবা ও নগরীর উন্নয়নে দায়িত্ব যথাযথভাবে পালনে তিনি নিরলসভাবে কাজ করছেন। নগরবাসীর কল্যাণে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে নগরীতে খেলার মাঠ নির্মাণ, সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক, নারীদের জন্য পার্ক ও মহিলা ক্লাব নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, মসজিদ, মন্দির, গোরস্থান ও কবরস্থানের উন্নয়নেও কার্যক্রম অব্যাহত রয়েছে। নাগরিক সুবিধা আরও বাড়াতে অ্যাম্বুলেন্স সেবা এবং মরদেহ পরিবহনের জন্য ফ্রিজিং অ্যাম্বুলেন্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রশাসক বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন একটি নাগরিক সেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। রাজস্ব আদায়ের নতুন নতুন খাত সৃষ্টি করার পাশাপাশি বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় এবং ট্রেড লাইসেন্স নবায়ন কার্যক্রমে আরও জোর দিতে হবে।
তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধি করা গেলে মহানগরবাসীকে আরও উন্নত ও মানসম্মত নাগরিক সেবা দেওয়া সম্ভব হবে। এ জন্য রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সভায় রাজস্ব বিভাগের বিভিন্ন কার্যক্রম, রাজস্ব আদায় বাড়ানোর কৌশল, বকেয়া আদায় এবং নাগরিক সেবা আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
রাসিকের ট্যাক্সেশন কর্মকর্তা (কর) মিজানুর রহমান বুলেটের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব মোঃ সোহেল রানা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ এবং রাজস্ব কর্মকর্তা মোঃ সারোয়ার হোসেন খোকন। এছাড়া রাজস্ব বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।