
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে ‘বাংলা টিফিন’ রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা।
শনিবার (২০ জুন) বেলা ১২টায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, রাজশাহী জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিন মানববন্ধনে রেস্তোরাঁ মালিক সমিতির রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ, সাধারণ সদস্য এবং এ খাতের সাথে সংশ্লিষ্ট বিপুল সংখ্যক ব্যবসায়ী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচি চলাকালে বক্তারা ‘বাংলা টিফিন’ রেস্তোরাঁয় সংঘটিত এই অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তারা বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে এমন হামলার ঘটনা সাধারণ ব্যবসায়ীদের মাঝে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের সৃষ্টি করেছে। একটি সুষ্ঠু ও নিরাপদ বাণিজ্যিক পরিবেশ বজায় রাখার স্বার্থে এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
মানববন্ধন থেকে ব্যবসায়ী নেতারা অবিলম্বে এই হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান। একইসঙ্গে, রাজশাহীর সব ব্যবসায়ীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।