
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীতে চোর সন্দেহে এক যুবককে মারধরের ঘটনায় মৃত্যুর অভিযোগে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ এলাকার চারু মামার ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রাকিবুল হাসান রকি (৩২) নগরীর হেতেমখাঁ কারিগরপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজন হলেন রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থী আতিক, সৈয়ব ও ফাহিম। শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করে রাজপাড়া থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চুরির সন্দেহে রাকিবুল হাসানকে আটক করেন কয়েকজন শিক্ষার্থী। পরে তাকে একটি স্ট্যাম্প (সিলমোহর) দিয়ে মারধর করা হয়। এতে তার দুই হাত, দুই পা ও পিঠে গুরুতর আঘাত লাগে।
গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের বোন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় শুক্রবার সকালে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে নগর পুলিশের মিডিয়া শাখা থেকে জানানো হবে।
পুলিশের দাবি, ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।