
শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভারইডাঙ্গা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিয়াস মাতুব্বর নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিয়াস মাতুব্বর ওই গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি নির্মাণাধীন ভবনে পানির পাইপ দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন পিয়াস। এ সময় ভবনের ভেতরে থাকা একটি বৈদ্যুতিক তারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তিনি টেপ দিয়ে সেটি জোড়া লাগানোর চেষ্টা করেন। একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
পিয়াসের আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। সন্তানের মৃত্যুতে তার মা মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
স্থানীয় সচেতন মহল এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বৈদ্যুতিক কাজের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। তাদের মতে, সামান্য অসাবধানতাও প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে। তাই বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো কাজ করার সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা জরুরি।