
শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিংসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পাঠ্য শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের চর্চা একজন শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তাদের অসাধারণ সাফল্যের জন্য আয়োজকদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।