
শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার ভুবনেশ্বর নদী থেকে এক অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর কৃষ্ণপুর এলাকার ভুবনেশ্বর নদীতে একটি মরদেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল মিয়াকে জানানো হলে তিনি সদরপুর থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে সদরপুর থানার জরুরি ডিউটি অফিসার এসআই (নিঃ) মো. আসাদুজ্জামান রিপন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। উদ্ধারকৃত মরদেহটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনাস্থলেই সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মরদেহটি আনুমানিক ১৪ বছর বয়সী এক কিশোরীর। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
সদরপুর থানা পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু হয়েছে। কিশোরীর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।