
মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া ও মতিহার থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও চোলাইমদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চন্দ্রিমা থানার শিরোইল কলোনী ১ নম্বর গলি এলাকার মৃত শামসুদ্দিন প্রামানিকের ছেলে মো. আলাউদ্দিন (৪৫) এবং বোয়ালিয়া থানার দড়িখরবনা আমবাগান এলাকার মো. আবুল কালাম আজাদের ছেলে মো. ওমর ফারুক (২৬)। তারা উভয়েই রাজশাহী মহানগরীর বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ মে দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বোয়ালিয়া থানার আলুপট্টি ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলাউদ্দিনকে আটক করা হয়। একই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে মতিহার থানার বামনশিখড় এলাকায় আরেকটি অভিযানে ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০ লিটার চোলাইমদ উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।