
ইমদাদুল হক রানা , রাজবাড়ী:
“শান্তি শৃঙ্খলা উন্নয়ন, নিরাপত্তা সর্বত্র আমরা”— এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার ইসলামপুর ইউনিয়নে গ্রামভিত্তিক ১০ দিনব্যাপী অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ইসলামপুর ইউনিয়ন পরিষদ ভবনে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ২৩ অক্টোবর পর্যন্ত ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণে ৪৫ জন পুরুষ ও ২০ জন নারীসহ মোট ৬৫ জন অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে বিভিন্ন মৌলিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন— সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহছানুল হক শিপন, থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভির আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ হোসনেআরা হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কমান্ড্যান্ট (পিভিএম) জনাব মোঃ আনোয়ার হোসেন সরকার।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দেশপ্রেম, শৃঙ্খলা ও আর্থ-সামাজিক উন্নয়নে প্রশিক্ষিত আনসার সদস্যদের কার্যকর ভূমিকা পালন করতে হবে। আনসার-ভিডিপি হলো দেশের দক্ষ জনশক্তি তৈরির একটি কার্যকর প্রতিষ্ঠান। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের প্রতি আহ্বান জানান, অর্জিত জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে অংশ নিতে। অনুষ্ঠানে ইসলামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মহন রায়হান উপস্থিত ছিলেন। তিনি বলেন, “আনসার- ভিডিপি দক্ষ জনশক্তি তৈরির কারখানা।এ ধরনের প্রশিক্ষণ গ্রামীণ জনগোষ্ঠীকে সংগঠিত করে দেশের উন্নয়ন ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা অগ্রণী ভূমিকা পালন করবে ”।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত প্রত্যেক সদস্যকে ১৫০০ টাকা সম্মানী ভাতা ও সনদপত্র প্রদান করা হয়।
সভাপতি সমাপনী বক্তব্য বলেন “আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতা প্রদর্শনের পাশাপাশি আনসার- ভিডিপি সদস্যদের মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতনের মতো অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”প্রশিক্ষণার্থীদের দেশরক্ষার শপথ পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপনী ঘোষণা করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ হোসনেআরা হোসেন।