
স্টাফ রিপোর্টার মোঃ মিজানুর রহমানঃ
সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ছয় জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে জব্দ করা হয়েছে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৪ কেজি মা ইলিশ।
শুক্রবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন,৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় সরকারিভাবে ইলিশ ধরা, পরিবহন ও বিক্রিতে নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসন সমন্বিতভাবে অভিযান পরিচালনা করছে।
তিনি আরও জানান,সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৪ কেজি মা ইলিশ জব্দ করা হয় এবং ৬ জন জেলেকে আটক করা হয়।
পরে আদালত আটক জেলেদের মধ্যে তিনজনকে ২০ দিন করে কারাদণ্ড, এবং বাকি তিনজনকে ১ হাজার টাকা জরিমানা ও ১০ দিন করে কারাদণ্ড দেন।
জব্দ করা কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়, আর ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।