
স্টাফ রিপোর্টার মোঃ ইসমাইল হোসেনঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে এক সাবেক সেনাসদস্য ও সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ীর বাড়িতে মা-মেয়েকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ৮টার মধ্যে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
ঘটনার পর ঘর থেকে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় তারা।
নিহতরা হলেন— সোনাপুর বাজারের মিজান ক্রোকারিজের মালিক ও সাবেক সেনাসদস্য মিজানুর রহমান মিজানের স্ত্রী জুলেখা বেগম (৫৫) এবং তাদের কলেজপড়ুয়া মেয়ে তানহা আক্তার মিম (১৮), যিনি রামগঞ্জ মডেল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মিজানুর রহমান মিজান সোনাপুর বাজারে তার দোকানে ছিলেন।
এই সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে মা-মেয়েকে জবাই করে হত্যা করে এবং ঘরের আলমারি ভেঙে স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।
রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, “এটি একটি ডাবল মার্ডার। আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছি। প্রাথমিকভাবে স্বর্ণালংকার লুটের বিষয়টি নিশ্চিত হয়েছি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর একই ইউনিয়নের কালুপুর গ্রামে একই কায়দায় তাজিয়া বেগম (৬৬) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছিল।
এক মাসের ব্যবধানে একই ধরনের দুটি হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।