
চকরিয়া উপজেলা প্রতিনিধিঃ
নিহত হারুণুর রশিদ ও গিয়াস উদ্দিনের ফাইল ফটো
কক্সবাজারের চকরিয়ায় পৃথক দুটি ঘটনায় ছুরিকাঘাত ও পিটিয়ে জোড়া হত্যা করা হয়েছে। এক ঘটনায় জমি নিয়ে বিরোধের জেরে আপন ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা হারুণুর রশিদ (৪৫)। অন্য ঘটনায় পূর্বশত্রুতার কারণে গ্যারেজ মালিক গিয়াস উদ্দিন (৪৫) কে অপহরণের পর হত্যা করে মহাসড়কের পাশে লাশ ফেলে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাত থেকে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত সময়ে এ দুটি হত্যাকাণ্ড ঘটে।
জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা গ্রামে সিএনজি চালক হারুণুর রশিদ ও তার বড় ভাই শেখ আহমদের মধ্যে জায়গাজমি নিয়ে ঝগড়া হয়। এসময় শেখ আহমদের ছেলে খোকা ধারালো ছুরি দিয়ে চাচা হারুণুর রশিদকে উপর্যুপরি আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর থেকেই খোকা ও তার বাবা পলাতক রয়েছে। নিহত হারুণুর রশিদ স্থানীয় ছাবের আহমদের ছেলে।
অন্যদিকে শুক্রবার গভীর রাতে উপজেলার কাকারা ইউনিয়নের দিঘিরপাড় এলাকার ইজিবাইক গ্যারেজ মালিক গিয়াস উদ্দিনকে (৪৫) অপহরণ করা হয়। শনিবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাতামুহুরী সেতুর পাশে তার বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পুলিশ জানায়, মোটর সাইকেলযোগে গিয়াস উদ্দিনকে নিয়ে আসার সময় প্রতিপক্ষরা ব্যারিকেড দিয়ে তাকে তুলে নিয়ে যায়। এরপর ভারী বস্তু দিয়ে আঘাত করে হত্যা করে লাশ মহাসড়কের পাশে ফেলে যায়। নিহত গিয়াস উদ্দিন গোলাম কাদেরের ছেলে এবং স্থানীয়ভাবে একটি টমটম গ্যারেজের মালিক ছিলেন।
পরিবারের অভিযোগ, এলাকায় অপরাধী তৌহিদের নেতৃত্বে গঠিত গ্যাং দীর্ঘদিন ধরে গরু চুরি, ছিনতাইসহ নানা অপরাধ করে আসছিল। গিয়াস উদ্দিন এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় আগেও হামলার শিকার হন। এর জের ধরেই তাকে অপহরণ করে খুন করা হয়েছে।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘একটি হত্যাকাণ্ড জমি বিরোধের জের ধরে এবং অন্যটি পূর্বশত্রুতার কারণে সংঘটিত হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।