
শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নেত্রকোনার মদন উপজেলায় ২০০ পিস ইয়াবা ও ৫০ হাজার টাকাসহ ২জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ নাজমুল হক। আটককৃত ব্যক্তিরা হলেন, নেত্রকোনা মদন উপজেলার পরশখিলা গ্রামের মোঃ ইসরাইল এর ছেলে মোঃহিরন মিয়া(২৯) এবং একই উপজেলার কুলিয়াটি গ্রামের মোঃ শাহ আলম এর ছেলে মোঃ জাহাঙ্গীর (৩৫)। আসামিরা দীর্ঘদিন ধরে মাদক কেনা বেচার সাথে সম্পৃক্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।বৃহস্পতিবার রাত ১০ টার দিকে মদন বাজারে সাইজুদ্দিন খানের মনোহারি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ নাজমুল হক এবং সাথে ছিলেন নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম। আসামিদের বিরুদ্ধে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ খসরু আল-মামুন বাদী হয়ে মদন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।আসামিদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।