
ইমদাদুল হক রানা, রাজবাড়ী থেকে:
রাজবাড়ীর জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা বালিয়ারচর পাড়া গ্রামে অভিযান চালিয়ে পাইপগানসহ মহিদুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২৩ জুন) ভোররাতের এ অভিযানে দেশীয় তৈরি একটি সচল পাইপগান উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাত ৩টা ৫ মিনিটের দিকে বহলাডাঙ্গা বালিয়ারচর পাড়া গ্রামে অভিযানে যান। এ সময় ওই গ্রামের মৃত যতন আলী মন্ডলের ছেলে মহিদুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে মহিদুল তার কাছে অবৈধ অস্ত্র থাকার বিষয়টি স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে উপস্থিত লোকজনের সামনে বাড়ির রান্নাঘরের ভেতরে রাখা জ্বালানির (গোবরের তৈরি মুঠিয়া) স্তুপের মধ্য থেকে প্লাস্টিক ব্যাগে মোড়ানো একটি সচল পাইপগান উদ্ধার করা হয়।
পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উদ্ধারকৃত অস্ত্রটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক মহিদুল ইসলামের বিরুদ্ধে দেশের প্রচলিত অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এই ঘটনায় স্থানীয়দের মাঝ ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের এমন সফল অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।