
শহীদুল ইসলাম রুবেল নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের ধনাচাপুর গ্রামে ইভটিজিংয়ের প্রতিবাদ করার জেরে প্রতিপক্ষের হামলায় ১জন নিহত এবং কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ জুন) রাতে এসব ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম আনিসুর রহমান (৪৩)। তিনি একই গ্রামের মৃত চান মিয়া ফকিরের ছেলে। রাত সোয়া ৮টার দিকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। আর গুরুতর আহত সাইদুল ইসলাম (৪৫), হাবিবুর রহমান (৩২), আনিছুর রহমান (৪৩), সম্রাজ (৫৫) ও খোদেজা বেগমকে (৩২) কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা জানান, মঙ্গলবার সন্ধ্যার আগে ধনাচাপুর গ্রামের সাইদুল ইসলামের বাড়ির কিছু মেয়েছেলে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একই এলাকার আমিন, সজিম, নাইম, সাইম, কালাম, সালাম, জাহিমসহ ২০-২৫ জন উশৃঙ্খল যুবক ওই নারীদের সামনে অশ্লীল গান গেয়ে ইভটিজিং করতে থাকে। তখন ওই নারীরাসহ বাড়ির লোকজন প্রতিবাদ করেন এবং যুবকদের সরে যেতে বলেন।এর জেরে কিছুক্ষণ পরে সিদ্দিক মিয়ার নেতৃত্বে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সাইদুল ইসলামের বাড়িতে হামলা চালায়। তারা ঘরবাড়ি ভাঙচুর করে এবং পরিবারের নারী-পুরুষ সদস্যদের মারধর করে।কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।