
স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে আয়শা সুপার মার্কেট থেকে অবৈধভাবে মজুত করা ৫৬ বস্তা চাল উদ্ধার করেছে যৌথবাহিনী।এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।আটকরা হলেন- মহাদান ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মো. আব্দুল গফুরের ছেলে মো. আশিক মিয়া, সানাকৈর গ্রামের জয়েন উদ্দিনের ছেলে মো. রায়হান মিয়া ও বারুইপটল গ্রামের মৃত শাওয়ান আলীর ছেলে শান্ত।সোমবার (২ জুন) সকালে সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (১ জুন) রাত ১০টায় ভাটারা বাজার লেভেল ক্রসিং এলাকায় আয়শা সুপার মার্কেট থেকে অবৈধভাবে মজুত করা ৫৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় তিনজনকে আটকসহ জব্দকৃত চাল পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
পরে আটকদের ও উদ্ধারকৃত চাল লিজা রিছিলের উপস্থিতিতে থানার এসআই ফখরুল হাসানের কাছে হস্তান্তর করা হয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান বলেন,অবৈধভাবে মজুত করা ৫৬ বস্তা চাল জব্দ করা হয়েছে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।