
রাসূল (সা.)-কে নিয়ে কটূক্তি: ইবিতে কর্মকর্তার স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
তারিকুল ইসলাম , ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মকর্তার বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠার পর তার দৃষ্টান্তমূলক শাস্তি ও স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার, ২৩ এপ্রিল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
জানা যায়, অভিযুক্ত ব্যক্তি হলেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. মোজাম্মেল হক। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন সময়ে রাসূল (সা.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্য প্রদান করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা এবং এলাকাবাসীও ক্ষোভ প্রকাশ করেছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন অধ্যাপক ড. শফিকুল ইসলামকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পবিত্র চত্বরে যদি কেউ মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করেন, তা কখনো মেনে নেওয়া যায় না। এ ধরনের বক্তব্য শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, বরং এটি আমাদের বিশ্বাস, চেতনাকে আহত করে। প্রশাসনকে দ্রুততম সময়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।
বক্তারা আরও বলেন, দেশের যেকোনো স্থানে রাসূল (সা.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্র ও প্রশাসনের উচিত দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। ইসলামী আইনের আলোকে এর যথাযথ বিচার নিশ্চিত করাই হবে ন্যায়ের পথ। প্রশাসনের পক্ষ থেকে যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে শিক্ষার্থীরা এই আন্দোলনকে জাতীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ঘোষণা দেন।
উল্লেখ্য, মোজাম্মেল হক দীর্ঘদিন ধরে নানা সময়ে ধর্মীয় প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে আসছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। সর্বশেষ সোমবার (২১ এপ্রিল) এলাকায় একটি মন্তব্যের জেরে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে মৌখিকভাবে ক্ষমা চাওয়ায় পুলিশ তাকে সতর্ক করে ছেড়ে দেয়।