
চান্দাইর পাড়া মাদরাসায় ওয়াজ মাহফিলের প্রস্তুতি সভায় দু’পক্ষের হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জের চান্দাইর পাড়া সুন্নিয়া ফাজিল মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলের প্রস্তুতি সভায় ওয়াজি বক্তার দাওয়াত নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন পক্ষ এবং আওয়ামীলীগ ও আল ইসলাহ’র দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও হট্টগোলের খবর পাওয়া গেছে। এসময় উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারে। হট্টগোল চলাকালে কোন একজন জাতীয় জরুরী পরিসেবা ৯৯৯ এ কল দিলে বালাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি নিস্পত্তি করতে,এলাকার ৯জনকে দিয়ে একটি কমিটি তৈরি করে দেন । ১৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টার দিকে চান্দাইরপাড়াস্থ মাদরাসার হলরুমে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, আগামি ২৩ জানুয়ারী মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রব মল্øিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্তিত ছিলেন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা সরওয়ারে জাহান, রফিক আহমদ, মাও আব্দুল কাইয়ুম, আসাদুজ্জামান, জাহেদ আহমদ, জাহিদুর রহমান আরশ, আসাব আলী, জুবের খান,মোস্তাক আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শুরু হলে অধ্যক্ষ মাওলানা সরওয়ারে জাহান বলেন, আমরা ওয়াজে ৪জনকে দাওয়াত দিয়েছি। বাকি আরো কয়েক জনকে দাওয়াত দেওয়া হবে। তখন উপস্থিত বৈষম্য বিরোধী আন্দোলন পক্ষের কয়েকজন প্রশ্ন করেন, আপনী দাওয়াত দিয়ে দিলে আবার প্রস্তুতি সভার আয়োজন করলেন কেন? তখন স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের সহযোগী বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সমর্থিত একটি পক্ষ ও বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ হাতাহাতিতে লিপ্ত হয়ে একে অপরকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারে । উপস্থিত কোন একজন জাতীয় পরিসেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং বিষয়টি নিস্পত্তি করার জন্য মাদরাসার অধ্যক্ষ মাওলানা সরওয়ারে জাহান, উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রব মল্লিক, রফিক আহমদ, আজির উদ্দিন, আব্দুল খালিক, জাহিদুর রহমান আরশ, জাহেদ আহমদ,আসাদুজ্জামানকে সদস্য করে ৯জনের একটি কমিটি তৈরি করে দেয়।
জাহিদুর রহমান আরশ বলেন, মাদরাসার বার্ষিক ওয়াজ উপলক্ষে প্রস্তুতি সভায় অধ্যক্ষ মাওলানা সরওয়ারে জাহান ৪জন ওয়াজিকে দাওয়াত দিয়েছেন বলে জানান। যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের সহযোগী আল ইসলাহ সমর্থিত। উপস্থিত বৈষম্য বিরোধী আন্দোলনের লোকজন এ দাওয়াতের প্রতিবাদ করলে উভয়পক্ষে হাতাহাতি শুরু হয়। আমাদের দাবী, আওয়ামী লীগের কোন দোসর বক্তা যেন ওয়াজে না আসেন।
অধ্যক্ষ মাওলানা সরওয়ারে জাহান বলেন, মাদরাসার ওয়াজের মেহমান এক বছর আগে পূর্বের কমিটি সিলেক্ট করার জন্য আমাকে দায়িত্ব দেন। এখানে ফুলতলি পরিবারের মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী সাবকে দাওয়াত দেওয়া হয়নি, মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী সাবকে দাওয়াত দেওয়া হয়েছে। মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী সাব কোন রাজনীতি করেন না।
বালাগঞ্জ থানার ওসি তদন্ত ফয়েজ আহমদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি। হালকা ধাক্কাধাক্কি হয়েছে। বিষয়টি নিস্পত্তির জন্য ৯সদস্যের একটি কমিটি করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।