
মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধিঃ
মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে বগুড়ার আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২০৫ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। বগুড়া জেলা পুলিশের চলমান মাদকবিরোধী কার্যক্রমের আওতায় বুধবার (২৪ জুন) আদমদীঘি থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে আদমদীঘি থানার এসআই (নিঃ) এবিএম আরাফা রহমান সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বামনীগ্রাম এলাকার বাসিন্দা মো. মহব্বত আকন্দ (৩২) কে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০৫ (দুইশত পাঁচ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মহব্বত আকন্দ উপজেলার বামনীগ্রাম গ্রামের মৃত আনছার আলী আকন্দের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পুলিশ স্কর্ট পার্টির মাধ্যমে বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদেরও সহযোগিতা প্রয়োজন। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
পুলিশের দাবি, মাদক কারবারিদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।