
স্টাফ রিপোর্টার,মোঃ হাসান খান:
রাজবাড়ীর দৌলতদিয়ায় ভালো চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে পাচার, আটকে রেখে নির্যাতন এবং জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করার অপরাধে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া একই আইনের অপর একটি ধারায় প্রত্যেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজবাড়ী মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. তহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-দৌলতদিয়া যৌনপল্লীর এলেম খার স্ত্রী রোজি সদ্দারনী ও বাহির চর দৌলতদিয়া এলাকার মৃত বাসেদের ছেলে মজি ফকির।
মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী সূত্রে জানা যায়, ভুক্তভোগীকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে গাজীপুর থেকে রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়ে আসেন আসামিরা। পরে তাকে আটকে রেখে মারধর ও শারীরিক নির্যাতন করা হয়। একপর্যায়ে তাকে জোরপূর্বক পতিতাবৃত্তির কাজে বাধ্য করা হয়। অসুস্থ হয়ে পড়ার পর তার চিৎকার শুনে একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মীরা এগিয়ে আসেন। পরে ২০১৫ সালের ১৭ নভেম্বর তাকে ওই স্থান থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরদিন ১৮ নভেম্বর ভুক্তভোগী বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মানব পাচারের অভিযোগে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের মোট ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) মামলা পরিচালনা করেন।
সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৬(২) ও ১১ ধারায় আদালত আসামি দুজনকে পৃথক দণ্ড প্রদান করেন।
রায়ের বিষয়ে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর জাহিদ উদ্দিন মোল্লা বলেন, মানব পাচারের মতো গুরুতর অপরাধের বিরুদ্ধে এটি একটি যুগান্তকারী রায়। ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে দৌলতদিয়া যৌনপল্লিতে এনে আটকে রেখে নির্যাতন ও জোরপূর্বক যৌনকর্মে বাধ্য করা হয়েছিল। রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে সাজা কার্যকরের প্রত্যাশা করছি।