
মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা এবং সাম্প্রতিক সময়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
সোমবার (২৩ নভেম্বর) রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও বিস্ফোরণের ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তের অংশ হিসেবে রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন যুবলীগের রাজশাহী মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকার মৃত আবেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম খোকন (৬০) এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার সদস্য ও হেতেম খাঁ কলাবাগান এলাকার মোঃ জাহিদুল ইসলামের ছেলে মোঃ ফারহান (২২)।
অন্যদিকে, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত ও আতঙ্ক সৃষ্টির অভিযোগে মতিহার থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় মোঃ আরাফাত (২২) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরাফাত মতিহার থানার বামন শিকড় গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক গালিবের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। এ ছাড়া তার বিরুদ্ধে মতিহার থানায় দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
আরএমপি আরও জানায়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।