
সেলিম মেহফুজ মিল্টন দামুড়হুদা উপজেলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯ বোতল নিষিদ্ধ ‘উইন্সেরেক্স’ (Wincerex) সিরাপসহ মোঃ চান্দু মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তার স্ত্রী মোছাঃ আশানুর খাতুন (সুমি) পলাতক রয়েছেন। শনিবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার গয়েশপুর উত্তরপাড়া গ্রামে এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত চান্দু মিয়া গয়েশপুর উত্তরপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীন ও মৃত মাহিরন নেছার ছেলে। পলাতক আসামি আশানুর খাতুন (সুমি) চান্দু মিয়ার স্ত্রী এবং মৃত খেদমত আলীর মেয়ে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গয়েশপুর উত্তরপাড়া গ্রামে চান্দু মিয়ার বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষের খাটের নিচে মেঝেতে রাখা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ১৯ বোতল কোডিন ফসফেটযুক্ত উইন্সেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ১ লিটার ৯০০ মিলিলিটার মাদকদ্রব্য রয়েছে।
চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মোঃ মনিরুজ্জামান বাদী হয়ে গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।