
সরকার শাহাদত হোসেন:
দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী গাইবান্ধা জেলা ইজতেমা।
রোববার (২২ নভেম্বর) সকাল ১০টায় আখেরি মোনাজাতে অংশ নিতে বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকায় রংপুর চিনিকলের ইক্ষু খামার মাঠে সমবেত হন। আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মারকাজের শুরা সদস্য মাওলানা মনির বিন ইউসুফ।
মোনাজাতের সময় ধর্মপ্রাণ মুসল্লিরা মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে দেশ, জাতি, মুসলিম উম্মাহসহ সমগ্র মানবজাতির শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন। অনেক মুসল্লিকে অশ্রুসিক্ত নয়নে মোনাজাতে শরিক হতে দেখা যায়। পুরো ইজতেমা ময়দানজুড়ে ছড়িয়ে পড়ে এক আবেগঘন ধর্মীয় পরিবেশ। মোনাজাতের সময় হাজারো মুসল্লির সম্মিলিত ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা প্রাঙ্গণ।
গাইবান্ধা জেলা তাবলিগ কমিটির আয়োজনে গত বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর আনুষ্ঠানিকভাবে ইজতেমার কার্যক্রম শুরু হয়। তিন দিনব্যাপী সাদপন্থী এ ইজতেমায় দেশের খ্যাতিমান আলেম-ওলামারা ঈমান ও আকিদা মজবুত করা, নিয়মিত নামাজ আদায়, তাকওয়া অর্জন, দ্বীনের দাওয়াত, তালিম ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে ধারাবাহিক বয়ান ও নসিহত পেশ করেন।
ইজতেমায় গাইবান্ধাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিপুলসংখ্যক মুসল্লির পাশাপাশি ইন্দোনেশিয়া ও সুদানসহ বিভিন্ন দেশ থেকেও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। এতে পুরো ইজতেমা ময়দান পরিণত হয় এক বিশাল ইবাদতখানায়।
আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক ও প্রশাসনের সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে তিন দিনব্যাপী ইজতেমা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকরা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।