
সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর):
কয়েক দিন আগেও মাঠজুড়ে কৃষকদের কঠোর পরিশ্রমে ফলানো পাকা ধান বাতাসে দোল খাচ্ছিল। সোনালি ধানের সুবাসে ভরে উঠেছিল গ্রামের মাঠ-প্রান্তর। কৃষকের স্বপ্ন ছিল ঘরে তুলবেন বছরের কষ্টার্জিত ফসল। কিন্তু হঠাৎ বৃষ্টিপাতে সেই স্বপ্নে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যশোরের বাঘারপাড়া উপজেলার অধিকাংশ মাঠের পাকা ধানের ক্ষেত এখন পানিতে তলিয়ে রয়েছে।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃষ্টির পানিতে অনেক জমির পাকা ধান ডুবে গেছে। ক্ষেতজুড়ে পানি জমে থাকায় ধান কেটে ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা। দীর্ঘ সময় পানির নিচে থাকলে ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি ফলনেও বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এতে উৎপাদন খরচ ও সারা বছরের পরিশ্রম পণ্ড হওয়ার শঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের।
বিশেষ করে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের বাগডাঙ্গা মাঠের কৃষকদের অভিযোগ, তাঁদের চাষের জমি তুলনামূলক উঁচু হওয়া সত্ত্বেও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে যায়। এ কারণে প্রতিবছরই বৃষ্টির মৌসুমে তাঁদের ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কৃষকদের দাবি, কৃষি বিভাগের উদ্যোগে মাঠের কোলঘেঁষে একটি পানি নিষ্কাশন ড্রেন খনন করে সেটি পার্শ্ববর্তী নদীর সঙ্গে সংযুক্ত করা হলে সহজেই জমে থাকা পানি বেরিয়ে যেতে পারে। এতে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হবে এবং রক্ষা পাবে মাঠের পাকা ধানসহ অন্যান্য ফসল।
কৃষকদের প্রত্যাশা, তাঁদের দীর্ঘদিনের এই সমস্যার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করবে। তা না হলে প্রতিবছরই বৃষ্টির পানিতে ফসল হারানোর আশঙ্কা থেকে যাবে।
সাঈদ ইবনে হানিফের রিপোর্ট।