
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলীর নেতৃত্বে পাংশায় গাঁজা ও ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীর পাংশায় পৃথক অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাংশার কসবা মাজাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—পাংশার লোহাবাড়ীয়া গ্রামের ফটিক বিশ্বাসের স্ত্রী নিলুফা ইয়াসমিন (৪৬) ও কসবা মাজাইল গ্রামের মজিবর রহমানের ছেলে মো. মুক্তার হোসেন (৪৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক, মো. রাসেল আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রথমে লোহাবাড়ীয়া গ্রামে নিলুফা ইয়াসমিনের বসতঘরে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে কসবা মাজাইল গ্রামে মো. মুক্তার হোসেনের বসতঘরে অভিযান চালিয়ে তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক, মো. রাসেল আলী মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় পাংশা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।