
কর্মমুখী দক্ষতা অর্জনে সীমান্তের ৩০ যুবককে প্রশিক্ষণ দিচ্ছে ১৮ বিজিবি
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ
তেঁতুলিয়া (পঞ্চগড়), ২৩ আগস্ট ২০২৬: সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের কারিগরি দক্ষতা বাড়িয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নিয়েছে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)। এর অংশ হিসেবে তেঁতুলিয়ায় ৩০ জন যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন ১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস।
বিজিবি সূত্রে জানা যায়, ১৮ বিজিবির নিজস্ব অর্থায়ন ও তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে সীমান্ত এলাকার ৩০ জন যুবক অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে বাড়িঘরের বৈদ্যুতিক সংযোগ স্থাপন ও হাউস ওয়্যারিংয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশিক্ষণার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজ এলাকায় কাজের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা করছে বিজিবি। এর মাধ্যমে তারা নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি পরিবারের আর্থিক স্বচ্ছলতায় অবদান রাখতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস প্রশিক্ষণার্থীদের নিয়মিত উপস্থিত থেকে মনোযোগের সঙ্গে প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানান। তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, কারিগরি জ্ঞান অর্জনের পর সেটিকে বাস্তব কাজে প্রয়োগ করতে হবে। দক্ষতা কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নেও ভূমিকা রাখা সম্ভব।
বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, সীমান্ত এলাকার যুবকদের দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তোলার পাশাপাশি তাদের মাদক, চোরাচালান, সন্ত্রাসসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার ক্ষেত্রেও এ ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখতে পারে।
বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও বিজিবি কাজ করে যাচ্ছে। বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী এবং বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।