
মাসুক মিয়া, সিলেট প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬। রোববার(২৩ আগস্ট ) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিকেল ৪টা পর্যন্ত চলবে।
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের প্রধান কার্যালয়, রশিদপুর গ্যাস ফিল্ড ও কৈলাশটিলা গ্যাস ফিল্ড—এই তিনটি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তিন কেন্দ্রে মোট ৩৩২ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করছেন।
রোববার সকাল ৯টায় ভোট দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ ফারুক হোসেন।
জানা গেছে, গত ৪ আগস্ট ব্যবস্থাপক (সার্ভিসেস) ও প্রধান নির্বাচন কমিশনার প্রকৌ. প্রদীপ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ১৯টি পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
ভোটগ্রহণকে কেন্দ্র করে সকাল থেকেই সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রার্থীদের সমর্থক ও ভোটারদের উপস্থিতিতে কেন্দ্রগুলোতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা নিজেদের পক্ষে ভোট প্রার্থনা করছেন এবং ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।
ভোট চলাকালে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ সিবিএ নেতৃবৃন্দ বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তারা ভোটগ্রহণের সার্বিক পরিবেশ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তায় আনসার বাহিনীর সদস্যদের পাশাপাশি গ্যাস ফিল্ড প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরাও দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নির্বাচন শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণার মাধ্যমে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হবে।