
লাকসামে সিএনজি স্ট্যান্ডে শৃঙ্খলা ফেরাতে শ্রমিক দলের উদ্যোগে কমিটি গঠন
মোঃ রিপন হোসাইন ,লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে সিএনজি চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা ও পৌরসভা শ্রমিক দল। সিএনজি স্ট্যান্ডগুলোতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধ এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম মানু, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাবেক ছাত্রনেতা ও লাকসাম মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক লুৎফুর রহমান জুয়েল, লাকসাম পৌর যুবদলের সভাপতি মাহবুবুর রহমান মনু, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি সাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, পৌরসভা শ্রমিক দলের সভাপতি বাবুল মজুমদার ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামানসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন, সিএনজি স্ট্যান্ডে কোনো ধরনের চাঁদাবাজি, নৈরাজ্য কিংবা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। কোনো শ্রমিক যাতে অন্যায়ভাবে হয়রানি বা নির্যাতনের শিকার না হন, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য পাওনা যথাসময়ে বুঝিয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে লাকসামের বিভিন্ন সিএনজি স্ট্যান্ডের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় নতুন কমিটি ঘোষণা করা হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটিগুলো শ্রমিকদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রেখে স্ট্যান্ডগুলোতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতবিনিময় সভায় সিএনজি চালক ও শ্রমিকরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ তাদের কথা মনোযোগ দিয়ে শুনে শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন।