
নেছারাবাদে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির তৃতীয় দিনে ২৩০টি গাছ রোপণ
নেছারাবাদ প্রতিনিধি :
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে পিরোজপুরের নেছারাবাদে পূবালী ব্যাংক পিএলসি, মিয়ারহাট শাখার উদ্যোগে চলমান বৃক্ষরোপণ কর্মসূচির তৃতীয় দিনে ২৩০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট ২০২৬) দিনব্যাপী উপজেলার বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়, উড়িবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, বিন্না নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং জিলবাড়ি ঈদগাহ ময়দানে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির সার্বিক পরিচালনা করেন পূবালী ব্যাংক পিএলসি, মিয়ারহাট শাখার ব্যবস্থাপক মুঃ মোজাফফর হোসেন।
এ সময় বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং এলাকার সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরাও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে গাছের চারা রোপণ ও পরিচর্যায় অংশ নেয়।
রোপনকৃত গাছগুলোর মধ্যে উল্লেখযোগ্য – আম, জাম, নারিকেল, সুপারি, আমলকি, রামবুটান, জাম্বুরা, লটকন, লিচু, জলপাই, ছবেদা, লেবু, মালটা, নাকুচুয়া, সুজা, অর্জুন, নিম।
কর্মসূচিতে ব্যাংকের ব্যবস্থাপক মোজাফফর হোসেন বলেন, গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না; এটি মানুষের জীবনধারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ, বায়ুদূষণ নিয়ন্ত্রণ, মাটির ক্ষয়রোধ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি গাছ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্মল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারে। তাই শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছগুলোকে নিয়মিত পরিচর্যা করে বাঁচিয়ে তোলার দায়িত্বও নিতে হবে।
বক্তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব, অন্যদিকে ভবিষ্যতে এসব গাছ মানুষের নানাভাবে উপকারে আসবে। পরিবেশ রক্ষায় ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
পূবালী ব্যাংক পিএলসি, মিয়ারহাট শাখার এ উদ্যোগকে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তাদের প্রত্যাশা, এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং নেছারাবাদকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।