
আরএমপি কমিশনারের সঙ্গে মহিলা চেম্বারের মতবিনিময়
রাজশাহী ব্যুরো
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের সঙ্গে রাজশাহী মহিলা চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
সভায় পুলিশ কমিশনার নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোনো সমস্যা বা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে কি না, সে বিষয়ে জানতে চান। এ সময় রাজশাহী মহিলা চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি সন্তোষ প্রকাশ করেন।
পুলিশ কমিশনার বলেন, রাজশাহীতে নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ব্যবসা ও শিল্প খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনা কাজে লাগিয়ে আরও এগিয়ে যেতে তিনি উদ্যোক্তাদের আহ্বান জানান। পাশাপাশি ব্যবসা পরিচালনায় আইনশৃঙ্খলা-সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন।
সভায় রাজশাহী মহিলা চেম্বার অব কমার্সের সভাপতি, সহ-সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।