1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

বালিয়াকান্দিতে জমির ঘাস চুরি ধরতে গিয়ে হুমকির মুখে জমির মালিক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পঠিত

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের কুবদী গ্রামে জমির ঘাস চুরির ঘটনা ধরতে গিয়ে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী দাবি করেছেন, দীর্ঘদিন ধরে তার নিজ মালিকানাধীন জমির ঘাস নিয়মিত চুরি হলেও অভিযুক্তদের রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভুক্তভোগী মোঃ সুমন মাহমুদ (৩২), পিতা মোঃ আবু বকর সিদ্দিক, জানান, রেল রাস্তার পাশের তার নিজ জমিতে লাগানো ঘাস গত ৮–৯ দিন ধরে কেটে নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি সকালবেলা ঘাস কেটে অফিসে চলে যাওয়ায় এবং রাতে বাড়ি ফেরায় চুরির ঘটনাটি সরাসরি ধরতে পারছিলেন না।

ঘটনার দিন বুধবার (৭ জানুয়ারি ২০২৬) বিকেলে অফিস থেকে ছুটি নিয়ে আনুমানিক বিকাল ৫টার দিকে তিনি কাউকে কিছু না জানিয়ে নিজের ঘাসের জমির মধ্যে লুকিয়ে অবস্থান নেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পান, আজাদ শেখের ১০ বছর বয়সী ছেলে আফিফ শেখ জমির চারপাশে দেওয়া জাল কেটে ভেতরে প্রবেশ করে ঘাস কাটার চেষ্টা করছে।

সুমন মাহমুদ বলেন, “আমি তাকে ধরে কাঁচি কেড়ে নিই এবং জিজ্ঞাসা করি, কে তাকে ঘাস কাটতে বলেছে। তখন শিশুটি জানায়, তার বাবা আজাদ শেখ তাকে আমার জমি থেকে ঘাস চুরি করে নিয়ে যেতে বলেছে।”

পরবর্তীতে শিশুটিকে স্থানীয় মনজুর দোকানের দিকে নিয়ে যাওয়ার সময় সে চিৎকার শুরু করলে অভিযুক্তদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। স্থানীয় কয়েকজন আত্মীয় ও এলাকাবাসীর অনুরোধে সামাজিক বিবেচনায় শিশুটিকে ছেড়ে দেওয়া হয়।

তবে অভিযোগ রয়েছে, ঘটনাস্থল থেকে ফেরার সময় রফিক শেখ (নলো) ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন। ভুক্তভোগীর দাবি, অভিযুক্তদের মধ্যে একজন উপজেলা যুবলীগের সদস্য এবং অন্যজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তারা প্রভাব খাটানোর চেষ্টা করছেন।

এ বিষয়ে ভুক্তভোগী সুমন মাহমুদ বলেন, “আমি শান্তিপূর্ণভাবে জীবন যাপন করতে চাই। কিন্তু প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ায় আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ ঘটনায় ভুক্তভোগী বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD