
মোঃ সুজন খন্দকার, মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুর পদ্মানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কালে কোস্টগার্ডের অভিযানে ৩টি বালেগেট, ৫টি কাটার মেশিন জব্দ ও বিএনপির দুই নেতাসহ ২৬ জনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার সকালে হরিরামপুর উপজেলার ধূলশুড়া ইউনিয়নের ইলিশপুর থেকে কোস্টগার্ড তাদের আটক করে। আটককৃত বিএনপির পদধারী দুই নেতা হলো,হরিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আজম ও সুতালড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম মিল্টন।
অভিযোগ রয়েছে , অবৈধভাবে বালু উত্তোলন কালে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ভুমি দর্সু আলমের সহযোগী। এই আলম ও তার সহযোগীদের নেতৃত্বে প্রতিদিন রাতে পদ্মা নদী থেকে অবৈধ ভাবে কোটি টাকার বালু উত্তোলন করে এই চক্র। এবিষয়ে অভিযুক্ত আলমের মুঠোফোনে কথা হলে তিনি বলেন,যারা গ্রেপ্তার হয়েছে তারা ঢাকা দোহার এলাকার মানুষ। এদের সাথে তার কোন যোগাযোগ বা সম্পর্ক নেই।
কোস্ট গার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশিদ এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানান, কোস্টগার্ডের রুটিন টহল চলাকালে ধুলশুড়া ঘাট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫টি ড্রেজার, ৩টি বাল্কহেড, নগদ ৮৫ হাজার টাকাসহ ২৪ জনকে আটক করা হয়েছে৷ আটককৃতদের টাকাসহ হরিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ড্রেজার ও বাল্কহেড নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
বিষয়টি নিশ্চিত করে হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা জানান,পদ্মা নদী থেকে রাতের আধারে বালু উত্তোলনের জন্য আটকের বিষয়টি আমি শুনেছি। অবৈধভাবে পদ্মা নদী থেকে কেউ যদি বালু উত্তোলন করে অথবা জড়িত থাকে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।